সেক্ষেত্রে সফরকারী শ্রীলঙ্কার ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনা ছিল।
নিয়ম অনুযায়ী, টেস্টে কোন দল প্রথম ইনিংসে অন্তত ২০০ রানের লিড পেলে প্রতিপক্ষকে ফলোঅন করাতে পারে। শ্রীলঙ্কাও নিতে পারতো ওই সুযোগ। কিন্তু তারা সেটা না করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। কেন তাদের ফলোঅন না করানোর সিদ্ধান্ত।
প্রথম কারণ হলো- চট্টগ্রামের প্রচণ্ড গরম। সেখানে তৃতীয় দিন দুই সেশন শ্রীলঙ্কার ক্রিকেটাররা বোলিং ও ফিল্ডিং করেছেন। বাংলাদেশ দলকে ফলোঅন করিয়ে পুনরায় ব্যাটিংয়ে পাঠালে লঙ্কান বোলার ও ফিল্ডারদের শুধু কষ্ট হতো না ইনজুরির ঝুঁকি বেড়ে যেত।
পানি শূন্যতা, সেখান থেকে হাত-পায়ের রগে টান পড়ার মতো ঘটনা ঘটার ঝুঁকি থাকত। যে কারণে তারা বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে।
আরেকটি কারণ হচ্ছে- চট্টগ্রামের উইকেট। তৃতীয় দিন থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে স্পিন ধরা শুরু হয়েছে। চতুর্থ দিন সেটা আরও বাড়বে। যে কারণে টেস্টের চতুর্থ বা পঞ্চম দিন চতুর্থ ইনিংসে ব্যাটিং না করার পথেই হেঁটেছে ধনাঞ্জয়া ডি সিলভার দল।

0 Comments